সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সবশেষ

শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে সীমান্তে আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ অনুসন্ধানে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা ঘুরে দেখেছেন আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা। ভারতের একাধিক গণমাধ্যম এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ফেরার সম্ভাব্য প্রবেশপথগুলো সম্পর্কে ধারণা নিতেই সীমান্ত এলাকায় গিয়েছিলেন দলটির পলাতক নেতারা।

রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এসব প্রতিবেদনে সফরের বিস্তারিত তুলে ধরা হয়। খবরে বলা হয়েছে, কলকাতার নিউ টাউন এলাকা থেকে সকাল ৯টার দিকে যাত্রা শুরু করেন আওয়ামী লীগের নেতারা। দুপুর ২টার দিকে বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোলে পৌঁছান তারা। সেখানে ইমিগ্রেশন সেন্টারে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর বিকেল পৌনে ৪টার দিকে কলকাতার উদ্দেশে ফিরে যান।

সফরকারী চার নেতার মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

ভারতীয় গণমাধ্যমের বিবরণ অনুযায়ী, নেতারা একটি সাদা গাড়িতে করে ইমিগ্রেশন সেন্টারে প্রবেশ করেন। তবে সেখানে তাদের অবস্থানের উদ্দেশ্য কিংবা কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অভিবাসন দপ্তর, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অথবা পেট্রাপোল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের ব্যবহৃত প্রবেশপথ এড়িয়ে তারা পৃথক পথ দিয়ে ইমিগ্রেশন সেন্টারে ঢোকেন এবং বের হন বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা।

অন্যদিকে, ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পেট্রাপোলের পাশাপাশি আগরতলা সীমান্ত এলাকাও পরিদর্শনের পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেতাদের। অর্থাৎ শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের ক্ষেত্রে একাধিক সীমান্তপথ বিবেচনায় রাখা হচ্ছে বলে এসব প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এদিকে আওয়ামী লীগ নেতাদের পেট্রাপোল সফরের দিনই সীমান্ত এলাকায় ভিন্ন একটি কর্মসূচি ঘিরে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি হয়। বাংলাদেশে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন। এতে নেতৃত্ব দেন বনগাঁ উত্তর ও দক্ষিণের বিজেপি নেতারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিধায়ক স্বপন মজুমদার।

সমাবেশ শেষে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্বপন মজুমদার বলেন, কলকাতা থেকে যশোর রোড ধরে বনগাঁ ও পেট্রাপোল হয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।

এদিকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা শুরু হতে পারে। এই সম্ভাব্য প্রত্যাবর্তন পরিকল্পনায় শুধু শেখ হাসিনাই নন, দলের আরও বেশ কয়েকজন নেতা তার সঙ্গে দেশে ফেরার কথা বিবেচনা করছেন বলে দাবি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সম্ভাব্য প্রবেশপথ হিসেবে ত্রিপুরার সীমান্ত এলাকাও বিবেচনায় রয়েছে। সে অনুযায়ী, আগরতলা-আখাউড়া সীমান্তসহ ত্রিপুরার বিকল্প পথগুলো পরিদর্শনের পরিকল্পনা করেছেন আওয়ামী লীগের নেতারা। আগামী মঙ্গলবার ত্রিপুরা সীমান্ত এলাকা এবং পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্তের সঙ্গে সংযোগকারী পথ ঘুরে দেখার কথা রয়েছে তাদের।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *