মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সবশেষ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধার অভিযান, শপিং মল ধসে আটকা বহু মানুষ

জাপানের শক্তিশালী ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ‘কাশিমা’ শহরে, যেখানে একটি বহুতল শপিং মলের দ্বিতীয় তলার একাংশ ধসে পড়ায় বহু মানুষ ভেতরে আটকা পড়েছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে আহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা এর মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ নির্ধারণ করেছে।

ভূমিকম্পের পর উত্তরপশ্চিমাঞ্চলের একটি ভবনে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি। তিনি জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে, বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ভবন ধসে পড়েছে।

সরকারি সংবাদমাধ্যম এনএইচকের সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, দেশের প্রধান দ্বীপ কায়ুসুর বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এছাড়া কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

এনএইচকের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১২টি বাড়ি ধসে পড়েছে।

এদিকে ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর পরিস্থিতি পর্যালোচনা করে তা প্রত্যাহার করে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কাশিমা শহরের একটি শপিং মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এর আগে পুলিশ জানিয়েছিল, কাশিমার ‘এইন’ নামে একটি শপিং মলে বিস্ফোরণের মতো শব্দ শোনার খবর তারা পেয়েছিল। তবে সে সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *