বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

সবশেষ

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে মারামারি, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের দুটি সংবাদমাধ্যম। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মেহর নিউজ এজেন্সি ও তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে সাগরে মোতায়েন থাকায় রণতরিটির নৌসদস্যদের মধ্যে অসন্তোষ ও চাপ তৈরি হয়েছিল। এরই মধ্যে তাদের অভিযোগ ও পরিস্থিতি নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের এক উপদেষ্টা রণতরিটিতে যান।

ওই সময় ক্ষুব্ধ নৌসদস্যরা তাকে লক্ষ্য করে দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে নৌসদস্যদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহারের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যমগুলো।

প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। রণতরিটি টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে ২০৮ দিনই এটি বিরতিহীনভাবে সমুদ্রে অবস্থান করেছে।

দীর্ঘ এই মোতায়েনের কারণে রণতরির সদস্যদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর রণতরিটির ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলেও দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *